বালুভর্তি টমটম দুর্ঘটনায় হেলপারের নিহত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বালুভর্তি টমটম রাস্তার পাশের বিলে পড়ে নিরুপন রায় (২৫) নামে এক হেলপারের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার প্রায় দুই ঘণ্টা পর বিলের পানিতে তল্লাশি চালিয়ে তাঁর মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বদরতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিরুপন রায় উপজেলার লাটেঙ্গা গ্রামের নিরঞ্জন রায়ের ছেলে।
ভাঙ্গারহাট পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে বালুভর্তি টমটমটি বদরতলা এলাকার সড়ক দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বিলে পড়ে যায়। এ সময় টমটমে থাকা হেলপার নিরুপন রায় ছিটকে বিলের পানিতে পড়ে নিখোঁজ হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে বিলের পানিতে নেমে নিরুপনকে খুঁজতে থাকেন। দীর্ঘ সময় চেষ্টা করেও তাঁর সন্ধান না পাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে কোটালীপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় দুই ঘণ্টা তল্লাশি চালানোর পর পানির নিচ থেকে নিরুপন রায়ের মরদেহ উদ্ধার করা হয়।
কোটালীপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় দুই ঘণ্টা তল্লাশি চালানোর পর পানির নিচ থেকে নিরুপন রায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ভাঙ্গারহাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি (অস্বাভাবিক মৃত্যু) মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ভোরের আকাশ/সু.পা