এইচএসসি পরীক্ষা উপলক্ষে বরিশালে ১৫ কেন্দ্রের আশপাশে পুলিশের নিষেধাজ্ঞা

এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে বরিশাল মহানগরীর ১৫টি পরীক্ষাকেন্দ্রের আশপাশে বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।
বিএমপির এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোতোয়ালী মডেল থানার আওতাধীন ১৪টি এবং এয়ারপোর্ট থানার আওতাধীন একটি কেন্দ্রসহ মোট ১৫টি কেন্দ্রে আগামী ২ জুলাই ২০২৬ থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে প্রতিদিন পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে থেকে পরীক্ষা শেষ হওয়ার এক ঘণ্টা পর পর্যন্ত সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্রগুলোর চারপাশের ২০০ গজ এলাকার মধ্যে সব ধরনের শব্দযন্ত্র ও লাউডস্পিকার ব্যবহার, পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, মিছিল-মিটিং, অসৎ উদ্দেশ্যে ইট-পাথরসহ অন্যান্য বস্তু সংগ্রহ বা বহন এবং অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্য বহন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
নিষেধাজ্ঞার আওতায় থাকা কেন্দ্রগুলো হলো— সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল সরকারি মহিলা কলেজ, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল সরকারি কলেজ, অমৃত লাল দে মহাবিদ্যালয়, বরিশাল সিটি কলেজ, বেগম তোফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজ, বরিশাল ইসলামিয়া কলেজ, আলেকান্দা সরকারি কলেজ, শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ, তালুকদারহাট স্কুল অ্যান্ড কলেজ, চাঁদপাশা হাইস্কুল অ্যান্ড কলেজ (বাবুগঞ্জ), সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসা, বাঘিয়া আল-আমিন মাদ্রাসা এবং বরিশাল সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বরিশাল মহানগরী পুলিশ আইন, ২০০৯-এর ৩০, ৩১ ও ৩৪ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আশিক সাঈদ স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ভোরের আকাশ/এম