সোনারগাঁয়ে জহির ফকির হত্যা মামলার আসামি কবির গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি কবির হোসেনকে (৬০) গ্রেপ্তার করেছে র্যাব-১১। সোমবার (২৬ অক্টোবর) সকালে কক্সবাজারের কলাতলী বিচ এলাকা থেকে যৌথ বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কবির হোসেন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খালিয়ারচর এলাকার মৃত মোমতাজ উদ্দিনের ছেলে।
র্যাব জানায়, গত ২১ অক্টোবর রাত আনুমানিক ১০টার দিকে সোনারগাঁ থানাধীন চর কিশোরগঞ্জ এলাকায় একটি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আড়াইহাজার উপজেলা কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহির ফকির (৪৫) চর কিশোরগঞ্জ এলাকায় নিজের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন। হামলাকারীরা ধারালো ও দেশীয় অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে সড়কের পাশে ফেলে যায়। পরে স্থানীয় লোকজন ও স্বজনেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় নারায়ণগঞ্জ ও আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে নিহতের ঘটনায় সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
র্যাব-১১-এর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, হত্যাকাণ্ডের পর থেকেই মামলার আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় র্যাব-১১-এর একটি দল র্যাব-১৫-এর সহযোগিতায় কক্সবাজারের কলাতলী বিচ এলাকায় যৌথ বিশেষ অভিযান পরিচালনা করে। সোমবার সকাল ৯টার দিকে মামলার ৩ নম্বর এজাহারনামীয় পলাতক আসামি কবির হোসেনকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১-এর অপস অফিসার ক্যাপ্টেন মো. রওনক এরফান খান জানান, অপরাধ দমনে র্যাব-১১ ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি কবির হোসেনকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।
ভোরের আকাশ/সু.পা