নওগাঁয় ছেলের মারধরে প্রাণ গেল বৃদ্ধ বাবার

নওগাঁ শহরে মাদকাসক্ত ছেলের মারধরে মহাতাব সরকার (৬২) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) ভোরে শহরের বনানীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত ছেলে সুমন পালিয়ে গেছে।
নিহত মহাতাব সরকার পেশায় রিকশাচালক ছিলেন।
পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, কয়েক বছর আগে সুমন মাদকাসক্ত হয়ে পড়েন। এরপর থেকে পরিবারে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত। মাদকাসক্তির কারণে প্রায় এক বছর আগে তার স্ত্রী সুমা ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি নিতে চলে যান। কয়েকদিন আগে তিনি বাড়িতে ফিরলে আবারও পারিবারিক কলহ শুরু হয়।
পরিবারের ভাষ্য, রোববার গভীর রাতে সুমন বাবার ঘরে গিয়ে শুয়ে পড়েন। ঘুম না আসায় বাবা মহাতাব সরকার দোয়া পড়ে ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। এ সময় সুমন ক্ষিপ্ত হয়ে বাবাকে ঘর থেকে টেনে বাইরে নিয়ে যান। পরে বাড়ির উঠানে কাঠের বাটাম দিয়ে তাকে মারধর করেন এবং ইট দিয়ে মাথায় আঘাত করেন।
গুরুতর আহত অবস্থায় মহাতাব সরকার মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা এগিয়ে এলে সুমন ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘটনাটি তদন্ত করা হচ্ছে। অভিযুক্ত সুমন ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ভোরের আকাশ/জেআ