শ্রীপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ১

গাজীপুরের শ্রীপুরে বিশেষ অভিযান চালিয়ে ৭ হাজার ৭৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল কাদের (৪০) নামে এক মাদক কারবারি কে আটক করেছে শ্রীপুর মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনুর আলমের নেতৃত্বে পুলিশ সদস্যরা ১৭ আগস্ট রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার মুলাইদ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় মুলাইদ গ্রামের আব্দুল কাদেরের চৌচালা টিনশেড ভবনের দক্ষিণ-পূর্ব কোণের একটি বেডরুম থেকে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে তল্লাশি চালিয়ে ৭ হাজার ৭৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত আব্দুল কাদের মুলাইদ এলাকার মৃত আশরাফ আলীর ছেলে।
এ ঘটনায় ১৮ আগস্ট শ্রীপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ) ধারায় মামলা নং ৪৯ রুজু হয়েছে।
পুলিশ জানিয়েছে, শ্রীপুরকে মাদকমুক্ত করতে নিয়মিত অভিযান ও মাদকবিরোধী কার্যক্রম অব্যাহত থাকবে। এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলমের নেতৃত্বে পুলিশ তৎপর রয়েছে।
ভোরের আকাশ/রই