ফুলপুরে জোৎস্না হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৮নং রূপসী ইউনিয়নের জোৎস্না খাতুন (৪৫) হত্যা মামলার প্রধান আসামি তোফাজ্জল হোসেনকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর কমলাপুর রেলস্টেশন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেনের দিকনির্দেশনায় পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এই চাঞ্চল্যকর হত্যা মামলায় এর আগে আরও চার আসামিকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের নৃশংস হামলায় গুরুতর আহত হন ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের বাট্টা এলাকার বাসিন্দা জোৎস্না খাতুন। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এই ঘটনায় নিহতের পরিবার বা বাদী হয়ে ফুলপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ জানায়, মামলার বাকি আসামিদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।
ভোরের আকাশ/সু.পা