সিরাজগঞ্জে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড

সিরাজগঞ্জের সলঙ্গায় হেরোইন রাখার দায়ে আল-আমিন ওরফে গফুর নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।
একই সাথে ১০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
আজ রবিবার (১০ মে) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩য় আদালতের বিচারক নজরুল ইসলাম এ রায় প্রদান করেন।
এই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হামিদুল ইসলাম দুলাল এতথ্য নিশ্চিত করে বলেন, রায় ঘোষনার সময় আসামী পলাতক ছিলেন।
যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত আল-আমিন ওরফে গফুর রাজশাহী জেলার গোদাগাড়ি থানার আমতলা বড়পুকুরপাড় গ্রামের আব্দুল মালেকের ছেলে।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০১৯ সালের ২৪ নভেম্বর সলঙ্গা থানার সাতটিকরি এলাকায় বিভিন্ন যানবাহনে মাদক বিরোধী অভিযান চালায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।
দুপুরে নাটোর থেকে সিরাজগঞ্জগামী সনি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ৫০ গ্রাম হেরোইন সহ আল-আমিন ওরফে গফুর আটক করা হয়।
এঘটনায় সিরাজগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক সিরাজুল ইসলাম বাদী হয়ে সলঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।
মামলার স্বাক্ষ্য প্রমাণ শেষে আজ আল-আমিনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে আদালত।
ভোরের আকাশ/ র.ই