ঝিনাইদহে ভারতীয় জাল রুপিসহ পিতা-পুত্র আটক
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় জাল রুপিসহ ওলিয়ার শেখ ও আমান শেখ নামে দুজনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৯টায় তাকে উপজেলার খোসালপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
বুধবার (২৭ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।
আটককৃত ওলিয়ার শেখ (৩৭) বাগেরহাট জেলার কান্দাপাড়া বেশরগাতী গ্রামের শামসুল হকের ছেলে। সে ২০১৪ সাল থেকে ভারতের বিহারে বসবাস করে আসছে । সেখানে ওলিয়ার দর্জির কাজ করেন। ২০১৭ সালে তিনি ভারতের বিহার রাজ্যের আরাবিয়া থানার মুসলিম বস্তির বাসিন্দা মোছা. ববিয়াকে (৩৫) বিয়ে করেন। এ সময় তার ৫ বছর বয়সী আমান শেখকেও আটক করা হয় ।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান আরো জানান, খোসালপুর বিওপির সীমান্ত পিলার-৬০/১০৫-আর হতে বাংলাদেশের ৯'শ গজ ভেতর থেকে তাদেরকে আটক করা হয়। ওলিয়ারের কাছে থেকে পাওয়া তথ্য মতে, বাগেরহাট সদর নিবাসী মারুফ নামের এক ব্যক্তির কাছ থেকে ভারতীয় ৫,০৪,০০০/- (পাঁচ লক্ষ চার হাজার) জাল রুপি ৬০,০০০ টাকা প্রদান করে ক্রয় করেন।
পরবর্তীতে তাকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা ।
ভোরের আকাশ/মো.আ.