ফুলপুরে ২০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহের ফুলপুরে ২০ গ্রাম ওজনের ২০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ টাকাসহ মোঃ আনোয়ার হোসেন বাচ্চু ওরফে সৈয়দ বাচ্চু (৪৩) নামের এক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফুলপুর থানা পুলিশ। শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৭:০৫ ঘটিকায় উপজেলার বাহাদুরপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর থানা পুলিশের একটি বিশেষ দল বাহাদুরপুর এলাকায় অভিযান পরিচালনা করে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বসতঘরের শোয়ার বিছানার তোষকের নিচ থেকে কালো জিপার ব্যাগে সুকৌশলে লুকানো ২০০ পিস কমলা রঙের ইয়াবা (আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা) এবং মাদক বিক্রির নগদ ২,১০০ টাকা উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর এক অজ্ঞাতনামা আসামী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
ফুলপুর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত সৈয়দ বাচ্চু বাহাদুরপুর গ্রামের মৃত মোজাম্মেল হোসেন ওরফে বাচ্চু মিয়ার ছেলে। সে পলাতক আসামীর সহায়তায় দীর্ঘদিন ধরে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে ফুলপুরসহ আশেপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে ফুলপুর থানায় হত্যাচেষ্টাসহ একাধিক মাদক মামলা ও চার্জশিট রয়েছে।
এ বিষয়ে ফুলপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা (মামলা নং- ০৩, তারিখ: ০৩/১০/২০২৬ খ্রিঃ) রুজু করা হয়েছে। পলাতক অপর আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ।
ভোরের আকাশ/ এনউব