নওগাঁয় ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

নওগাঁর নিয়ামতপুরে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৩৪ বোতল ফেনসিডিলসহ ইসাহাক আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার ৬ নম্বর রসুলপুর ইউনিয়নের নিমদিঘী গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৩৪ বোতল ফেনসিডিল উদ্ধারসহ ইসাহাক আলীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইসাহাক আলী নিমদিঘী গ্রামের মৃত ইসরাইলের ছেলে। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে তিনি মাদকদ্রব্য নিজের হেফাজতে রেখে বিক্রির কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়।
ভোরের আকাশ/ এনউব