সিংগাইরে ওয়ালটনের আর্থিক অনুদান পেলেন বিধবা সেলিনা

ওয়ালটন প্লাজার কিস্তি ক্রেতা সুরক্ষা প্রকল্পের আওতায় ১ লাখ টাকা আর্থিক সহায়তা পেয়েছেন মানিকগঞ্জ সদর উপজেলার বংখুরি এলাকার মৃত জসীম উদ্দীনের স্ত্রী সেলিনা আক্তার। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সিংগাইর উপজেলার সারারিয়া বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এ অর্থ তুলে দেওয়া হয়।
‘কিস্তি ক্রেতার পরিবারকে আর্থিক সুবিধা হস্তান্তর’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে ওয়ালটন প্লাজা জামশা শাখা। অনুষ্ঠানে ওয়ালটন প্লাজার ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার (ডিভিশন-২) ওবায়দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইনচার্জ, কাস্টমার রিলেশন সেকশন মো. নাহিদ হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জামশা শাখার ম্যানেজার ইনচার্জ নুর আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা ওয়েস্ট এরিয়ার রিজিওনাল সেলস ম্যানেজার মো. শফিকুল আজাদ। এ সময় স্থানীয় ইউপি সদস্য জুলহাস আহমেদ ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মালেক বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. নাহিদ হাসান বলেন, ওয়ালটন প্লাজা শুধু একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান নয়, মানবিক সহায়তার পাশাপাশি ওয়ালটন পরিবারের সদস্যদের বিভিন্ন সুবিধা দিয়ে আসছে। কিস্তি ক্রেতা সুরক্ষা প্রকল্পের আওতায় গত চার বছরে পাঁচ কোটি টাকার বেশি আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় জসীম উদ্দীনের স্ত্রী ও নমিনি সেলিনা আক্তারকে এ আর্থিক সহায়তা দেওয়া হলো।
সংশ্লিষ্টরা জানান, জসীম উদ্দীন ৫৮ হাজার ৮৪০ টাকা মূল্যের একটি ফ্রিজ ও একটি ব্লেন্ডার মেশিন কিস্তিতে ক্রয় করেছিলেন। চারটি কিস্তি পরিশোধের পর তিনি মারা যান। পরে কিস্তি ক্রেতা সুরক্ষা প্রকল্পের আওতায় তাঁর নমিনি স্ত্রী সেলিনা আক্তারকে ১ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।
ভোরের আকাশ/সু.পা