ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী সীমানা পুনর্বহাল রাখতে মহাসড়ক অবরোধ
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সীমানা পুনর্বহাল রাখতে পুনর্বিন্যাসের প্রতিবাদে আবারও মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা।
বুধবার (২০ আগস্ট) সকালে জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ৩টি ইউনিয়নের হাজারো মানুষ বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন।

সর্বদলীয় সংগ্রাম কমিটির আহ্বায়ক ইমাম হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নির্বাচন কমিশন গত ১০ জুলাই জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে বুধন্তি, চান্দুরা ও হরষপুর ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসন থেকে বাদ দিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাথে সংযুক্ত করেছেন।

এ সিদ্ধান্ত অযৌক্তিক ও জনবিরোধী। প্রতিবাদকারীরা সকাল ১১টার দিকে সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়ায় মহাসড়কের দু’পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসে প্রায় ২ ঘন্টা পর মহাসড়ক থেকে অবরোধ তুলে নেওয়া হয়।
স্থানীয়রা জানায়, এর আগেও দফায় দফায় তারা একই দাবিতে মহাসড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন।
এ দিকে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ভোরের আকাশকে জানান, বিক্ষোভকারীদের দাবির বিষয়ে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে তারা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ভোরের আকাশ/এসএইচ