গোপালগঞ্জে উত্তেজনা, এবার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ

গোপালগঞ্জে বিএনপির সংসদ সদস্য মো. সেলিমুজ্জামানের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর এবার মুকসুদপুর থানায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী-সমর্থকরা এ হামলা ও অগ্নিসংযোগে জড়িত।
এ সময় তারা থানার কয়েকটি গাড়ি, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়িয়ে দেয়।
পরে গ্রামীণ ব্যাংকের একটি শাখা ও উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর চালানো হয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্থানীয় সূত্রে জানা যায়, মিছিল নিয়ে একদল লোক মুকসুদপুর থানায় গিয়ে ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে।
এরপর তারা থানার বিভিন্ন স্থানে আগুন ধরিয়ে দেয়। এ সময় প্রাণ বাঁচাতে পুলিশ সদস্যরা আশপাশের এলাকায় আশ্রয় নেন বলে জানা গেছে।
এদিন সকালে গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি এমএইচ খান মঞ্জু খানের গোপালগঞ্জ শহরের কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়। তার বাসার সামনেও অগ্নিসংযোগ করা হয়।
সকাল ১১টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের শিবগাতী গ্রামে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
সকালে মিছিল নিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী-সমর্থকরা সংসদ সদস্যের বাড়ির সামনে অবস্থান নেন। এ সময় বাড়ি লক্ষ্য করে কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। একপর্যায়ে বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো জানা যায়নি।
মুকসুদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু বলেন, বেশ কিছু লোক মিছিল নিয়ে সংসদ সদস্য মো. সেলিমুজ্জামানের বাড়িতে এসে পেট্রোল বোমা নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
এর আগের দিন বুধবার রাতে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের থানাপাড়া এলাকার আরাফ জেনারেল হাসপাতাল ও ক্লিনিকে তার ব্যক্তিগত কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে ভাঙচুর করা মালামাল বাইরে এনে আগুন ধরিয়ে দেওয়া হয়।
তার আগের দিন রাতে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর টুঙ্গিপাড়ার বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ নিয়ে গোপালগঞ্জে বিএনপি থেকে নির্বাচিত তিন সংসদ সদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটল।
এদিকে, গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা এলাকায় টহলরত বিজিবি ও এসআরবির গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে অবরোধকারীরা। তবে এতে কেউ আহত হয়েছেন কি না, তা জানা যায়নি।
অন্যদিকে, গোপালগঞ্জ শহরের পোস্ট অফিস মোড় এলাকায় মিছিল থেকে এফএনএফ নামে একটি সুপারশপে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী-সমর্থকরা। তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শহরের বিভিন্ন এলাকায় শোডাউন করেন।
ভোরের আকাশ/জেআ