নীলফামারীতে আরাফাত রহমান কোকোর স্মরণে প্রমিলা ফুটবল ম্যাচ

মরহুম আরাফাত রহমান কোকোর স্মরণে নীলফামারীতে প্রমিলা ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নীলফামারী সদর উপজেলার চাপড়া সরমজানি যাদুরহাট মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আয়োজনে এ খেলার আয়োজন করা হয়।
‘যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না’—এ স্লোগানকে সামনে রেখে আয়োজিত মেমোরিয়াল প্রমিলা ফুটবল ম্যাচে অংশ নেয় বাড়াইপাড়া ফুটবল একাডেমি ও গোল্ড কিং যুব স্পোর্টিং ক্লাব।
সাবেক ১৪ নম্বর চাপড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইলিয়াস হোসেন মাস্টারের উদ্যোগে আয়োজিত এ খেলায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের রংপুর অঞ্চলের পরিচালক অধ্যাপক মো. গোলাম মাজেদ।
সভাপতির বক্তব্যে ইলিয়াস হোসেন মাস্টার বলেন, মরহুম আরাফাত রহমান কোকোর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই এ প্রমিলা ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে নারী ফুটবলারদের উৎসাহিত করা এবং ক্রীড়াঙ্গনে তাদের এগিয়ে নেওয়াই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
তিনি আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার মাধ্যমে এলাকায় খেলাধুলার পরিবেশ তৈরি করতে চান।
যাদুরহাট ক্রীড়া সংঘের আয়োজনে অনুষ্ঠিত এ ফুটবল ম্যাচে সার্বিক সহযোগিতা করে ১৪ নম্বর চাপড়া সরমজানী ইউনিয়ন বিএনপি।
ভোরের আকাশ/রই