ফুলবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত

বর্ণিল আয়োজনে ও যথাযোগ্য মর্যাদায় দিনাজপুরের ফুলবাড়ীতে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে ‘অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা, ফুলবাড়ী উপজেলা শাখা’।
সকাল সাড়ে ৮টায় সংগঠনের কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা ও সশস্ত্র বাহিনীর পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।
পতাকা উত্তোলন শেষে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর সকাল ৯টায় সংগঠনের সদস্যদের অংশগ্রহণে এক বর্ণিল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
দিবসটি উপলক্ষে দুপুরে সংগঠনের সদস্যদের পরিবারবর্গের সৌজন্যে ফুলবাড়ী লেক ভিউ পার্কে এক প্রীতিভোজের আয়োজন করা হয়। প্রীতিভোজ শেষে বিকেলে এক আনন্দঘন পরিবেশে সংগঠনের সদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত বিভিন্ন ক্রীড়া ইভেন্টের পুরস্কার বিতরণ করা হয়। এতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংগঠনের সভাপতি সিনিয়র ওয়ারেন্ট অফিসার (জেসিও) মো. মনজুরুল হক। এ সময় সংগঠনের উপদেষ্টা সিনিয়র ওয়ারেন্ট অফিসার বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই, সাধারণ সম্পাদক সার্জেন্ট মো. খাইবুর রহমান চৌধুরী, অর্থ সম্পাদক মো. এরশাদ হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত , ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের এই দিনে (২১ নভেম্বর) বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে হানাদার বাহিনীর বিরুদ্ধে আক্রমণ শুরু করে। মুক্তিবাহিনী ও সাধারণ জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সশস্ত্র বাহিনীর এই যৌথ আক্রমণ মুক্তিযুদ্ধে বিজয়ের পথ সুগম করে। জাতির সার্বভৌমত্ব রক্ষা ও দেশের যেকোনো দুর্যোগ মোকাবিলায় সশস্ত্র বাহিনীর অবদান অবিস্মরণীয়।
অনুষ্ঠানে বক্তারা সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরেন এবং অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ড আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।
ভোরের আকাশ/ এনউব