সেবাই আমাদের ধর্ম : এসপি নাজির আহমেদ

চট্টগ্রাম জেলা পুলিশের নতুন পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নাজির আহমেদ খান বলেছেন, ‘সততা, পেশাদারিত্ব, মানবিকতা ও দেশপ্রেম—এই চারটি মৌলিক নীতিমালা ধারণ করে চট্টগ্রাম জেলা পুলিশের প্রতিটি সদস্যকে দায়িত্ব পালন করতে হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের অঙ্গীকার, আর সেবাই আমাদের ধর্ম।
আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় একটি আরও নিরাপদ, শান্তিপূর্ণ ও আধুনিক নাগরিক-বান্ধব চট্টগ্রাম গড়ে তুলতে আমরা অবশ্যই সক্ষম হবো।’
সোমবার (১ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এর আগে সুসজ্জিত পুলিশ দল তাকে গার্ড অব অনার প্রদান করে এবং তিনি সালাম গ্রহণ করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার পর্যায়ক্রমে বারাক, অস্ত্রাগার, ডাইনিং, সিভিক সেন্টার, ডি-স্টোর, সি-স্টোর, এমটিসহ পুলিশ লাইন্সের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর, স্থাপনা ও কার্যক্রম পরিদর্শন করেন। তিনি প্রতিটি ইউনিটের সার্বিক শৃঙ্খলা, কার্যপরিকল্পনা, জনসেবা প্রস্তুতি এবং প্রশাসনিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট অফিসারদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এসময় তিনি উপস্থিত অফিসার ও ফোর্সদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের কল্যাণ, প্রশিক্ষণ, দায়িত্বপালন, কর্মপরিবেশ ও জনসেবা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।
এতে জেলার সকল উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আরআইসহ পুলিশ লাইন্সের বিভিন্ন শাখার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/মো.আ.