শিরোনাম
সংসদে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রীআওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ: স্বরাষ্ট্রমন্ত্রীকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির কারণে ককটেল বিস্ফোরণ বাড়ছেশিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রীশ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধচলতি বছর মতপ্রকাশের জেরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে ৮৬টিঢাকায় চিরুনি অভিযানে নামছে ডিএমপিচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রদল হাতাহাতিসংসদে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রীআওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ: স্বরাষ্ট্রমন্ত্রীকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির কারণে ককটেল বিস্ফোরণ বাড়ছেশিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রীশ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধচলতি বছর মতপ্রকাশের জেরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে ৮৬টিঢাকায় চিরুনি অভিযানে নামছে ডিএমপিচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রদল হাতাহাতি

দুই বছর ধরে বন্ধ সীমান্ত হাট, নেই চালুর উদ্যোগ

ফেনী প্রতিনিধি

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ৪:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফেনীতে দুই বছর ধরে বন্ধ সীমান্ত হাট, নেই চালুর উদ্যোগ টিনের শেডে মরিচা ধরেছে। পিলারের গায়ে জন্মেছে আগাছা। প্রবেশপথে ঝুলছে তালা। ভেতরে কোথাও জমেছে ময়লা-আবর্জনা, কোথাও ছড়িয়ে পড়েছে ঝোপঝাড়। একসময় যেখানে প্রতি মঙ্গলবার বসত দুই দেশের মানুষের মিলনমেলা, চলত পণ্য কেনাবেচা, তৈরি হয়েছিল কর্মসংস্থান, সেই ছাগলনাইয়া সীমান্ত হাট এখন অনেকটা পরিত্যক্ত স্থাপনায় পরিণত হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, গত ২০২৪ সালের অক্টোবর থেকে বন্ধ থাকা ফেনীর ছাগলনাইয়া সীমান্ত হাট প্রায় দুই বছরেও চালু হয়নি। হাটটি পুনরায় চালুর বিষয়ে জেলা প্রশাসন থেকে এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। দীর্ঘদিন বন্ধ থাকায় নষ্ট হচ্ছে হাটের অবকাঠামো।

সরেজমিন ঘুরে দেখা যায়, সীমান্ত হাটের প্রবেশপথে তালা ঝুলছে। ভেতরে প্রবেশের গেটেও একাধিক তালা দেওয়া। হাটের ভেতরে রয়েছে ১৩টি টিনের শেড। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় শেডগুলোর টিনে মরিচা ধরেছে। পিলারের চারপাশে জন্মেছে আগাছা। বিভিন্ন স্থানে ঝোপঝাড় ও ময়লা-আবর্জনা জমে আছে।

স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে পাওয়া তথ্যমতে, হাটে মোট ৫৪টি দোকান ছিল। এর মধ্যে বাংলাদেশের ২৭টি এবং ভারতের ২৭টি। বাংলাদেশি দোকানগুলোতে বিস্কুট, মাছ, প্লাস্টিক ও লোহার তৈজসপত্র, চানাচুর ও কাপড় বিক্রি হতো। এসব পণ্যের মধ্যে মাছের চাহিদা ছিল বেশি। কই, মাগুর, ইলিশ, সামুদ্রিক বিভিন্ন প্রজাতির মাছ ও শুঁটকি বিক্রি হতো এসব দোকানে। অন্যদিকে ভারতীয় দোকানগুলোতে কাপড়, সাবান, মসলা, শিশুদের সামগ্রী, গৃহস্থালির বিভিন্ন পণ্য, তেল, চকলেট, হরলিক্স, ঘি ও মশার কয়েলসহ নানা সামগ্রী বিক্রি করা হতো।

ব্যবসায়ীরা জানান, বাংলাদেশের ২৭টি দোকানে দেড় শতাধিক কর্মচারী কাজ করতেন। দোকানগুলোর সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিলেন আরও অনেকে। হাট বন্ধ হয়ে যাওয়ায় এসব মানুষের আয়ের পথ বন্ধ হয়ে গেছে।

হাটে একসময় ব্যবসা করতেন স্থানীয় এমরান চৌধুরী। তিনি বলেন, আগে এখানে আমাদের দোকান ছিল। বাজারে অনেক বেচাকেনা হতো। আমরা দোকানদাররা ভালোভাবে ব্যবসা করতে পারতাম। কিন্তু বাজারটি বন্ধ হয়ে যাওয়ার পর আমাদের সবকিছু বন্ধ হয়ে গেছে। এখন আয়-রোজগার নেই, খুব কষ্টে দিন কাটছে। বাজারটি পুনরায় চালু হলে আমাদের বড় একটি জনগোষ্ঠী উপকৃত হবে।

স্থানীয় মোকামিয়া গ্রামের ব্যবসায়ী খোকন বলেন, সীমান্ত হাটের দোকানগুলোর সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এক থেকে দুইশ মানুষের কর্মসংস্থান ছিল। হাট বন্ধ হয়ে যাওয়ায় তারা এখন বেকার হয়ে পড়েছেন। অনেক ব্যবসায়ী অন্য কোনো কাজে যুক্ত হতে পারছেন না।

অন্যদিকে, এই সীমান্ত হাটটি কেবল পণ্য কেনাবেচার কেন্দ্র নয়, দুই দেশের সীমান্তবর্তী সাধারণ মানুষের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক তৈরির ক্ষেত্র ছিল এটি। সম্প্রীতি ও সৌহার্দ্য নিয়ে এখানে দুই দেশের মানুষ মিলিত হতেন।

স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল হক চৌধুরী মাহবুব বলেন, সীমান্ত হাট দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ ও ভ্রাতৃত্ববোধ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দুই দেশের সীমান্তবর্তী এলাকার মানুষ নিজেদের স্থানীয় ও দেশীয় পণ্য নিয়ে এখানে কেনাবেচা করতেন।

নিজপানুয়া গ্রামের বাসিন্দা হুমায়ূন কবির বলেন, বর্তমান সরকার সীমান্ত হাটটি আবার চালু করলে দুই দেশের সাধারণ মানুষের মধ্যে মেলবন্ধন আরও জোরদার হবে। একই সঙ্গে স্থানীয় অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যেও গতি ফিরবে। তবে আগের সময়ে হাটের তদারকিতে কিছুটা বিশৃঙ্খলা ছিল। এবার চালু করা হলে সুষ্ঠু ও সুন্দরভাবে তদারকি নিশ্চিত করতে হবে।

তবে স্থানীয় কয়েকজন বাসিন্দার মধ্যে হাট চালু করা নিয়ে উদ্বেগও রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে হাটসংলগ্ন দুই বাসিন্দা দাবি করেন, হাট চালু থাকার সময় এলাকায় মাদক ও চোরাচালানের প্রবণতা বেড়েছিল। এতে স্থানীয় যুবসমাজের ওপরও নেতিবাচক প্রভাব পড়েছিল। তাদের মতে, যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা না গেলে হাট পুনরায় চালু না করাই ভালো।

যেসব সীমাবদ্ধতায় বন্ধ হয় সীমান্ত হাট: ছাগলনাইয়া উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী মানুষের মধ্যে সম্প্রীতি বাড়ানো এবং স্থানীয় বাণিজ্যের প্রসারের লক্ষ্যে ২০১৫ সালের ১৩ জানুয়ারি ছাগলনাইয়া উপজেলার পূর্ব মধুগ্রাম ও ভারতের ত্রিপুরা রাজ্যের শ্রীনগর সীমান্তে দেশের তৃতীয় এই সীমান্ত হাটটি চালু করা হয়। বাংলাদেশের ছয়ঘড়িয়া ও মধুগ্রাম এলাকার মধ্যবর্তী স্থানে গড়ে ওঠা এ হাটে প্রতি মঙ্গলবার বসত সাপ্তাহিক বাজার।

করোনাভাইরাস মহামারির কারণে ২০২০ সালের মার্চে হাটটি বন্ধ হয়ে যায়। দীর্ঘ তিন বছরের বেশি সময় বন্ধ থাকার পর ২০২৩ সালের ৯ মে দুই দেশের ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে কিছু নিয়মে পরিবর্তন এনে আবারও চালু করা হয়। তবে চালুর পরও হাটটির কার্যক্রম নিয়ে নানা জটিলতা তৈরি হয়।
২০২৪ সালের ২৭ আগস্ট সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটির এক সভায় পুলিশ, বিজিবি ও কাস্টমস কর্তৃপক্ষ বিভিন্ন সমস্যা তুলে ধরে। নিরাপত্তাহীনতা, জনবল সংকট, চোরাচালানের সুযোগ, পণ্য আমদানি-রপ্তানিতে ভারসাম্যহীনতা এবং হাটের ক্রেতা-বিক্রেতাদের হালনাগাদ তথ্য না থাকার বিষয়গুলো আলোচনায় আসে। এরপর নিরাপত্তা জটিলতা ও বাণিজ্যিক নানা প্রতিবন্ধকতার কারণে ২০২৪ সালের ২২ অক্টোবর থেকে হাটটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

২০২৪ সালের বর্ডার হাট ব্যবস্থাপনা কমিটির সভায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর বক্তব্যে হাটের নিরাপত্তা ও বাণিজ্যিক কার্যক্রমের বেশ কিছু দুর্বলতার দিক তুলে ধরা হয়েছিল। সেই সময় বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছিল, হাটে বৈধভাবে যে পরিমাণ পণ্য কেনাবেচা হওয়ার কথা, তার তুলনায় কাঁটাতারের ফাঁক দিয়ে অবৈধভাবে নানা পণ্য বাংলাদেশে প্রবেশ করছিল। সীমান্তের কাঁটাতারের পাশে সন্দেহজনকভাবে অনেক বাংলাদেশির অবস্থান এবং বিভিন্ন বাক্সের ভেতরে কী ধরনের পণ্য দেশে প্রবেশ করছে, তা নিশ্চিত করতে না পারার বিষয়টিও নিরাপত্তার জন্য উদ্বেগজনক বলে উল্লেখ করা হয়। এছাড়া হাটের ক্রেতা ও বিক্রেতাদের হালনাগাদ তথ্য না থাকা এবং নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত জনবল না থাকার বিষয়টিও উঠে আসে। ওই সভায় সীমান্তে কাঁটাতারের উচ্চতা বাড়ানো, প্রয়োজনে পরিখা খনন এবং নিরাপত্তা জনবল বাড়ানোর পরামর্শ দিয়েছিল বিজিবি।

অন্যদিকে কাস্টমস কর্তৃপক্ষ হাটটির ব্যাপারে জানিয়েছিল, ভারত থেকে বাংলাদেশে যে পরিমাণ পণ্য আসছিল, তার বিপরীতে বাংলাদেশ থেকে ভারতে পণ্য যাচ্ছিল খুবই সামান্য। ফলে শুল্ক আদায় ও বাণিজ্যিক সুবিধার ক্ষেত্রেও দুই দেশের মধ্যে বৈষম্য তৈরি হয়েছে।

এছাড়া সীমান্তহাটকে কেন্দ্র করে চোরাচালানের তৎপরতার অভিযোগও উঠেছিল। দৈনিক ফেনীর ওই সময়ের অনুসন্ধানে দেখা যায়, চোরাকারবারিরা ক্রেতা সেজে হাটে এসে নিজেদের মধ্যে আলোচনা ও অভ্যন্তরীণ লেনদেন করত। শুল্ক ফাঁকি দিয়ে পণ্য প্রবেশের অভিযোগও ছিল।

নেই চালুর উদ্যোগ-বললেন জেলা প্রশাসক: সীমান্ত হাটটি পুনরায় চালুর বিষয়ে ফেনী জেলা প্রশাসনের পক্ষ থেকে কোন দৃশ্যমান অগ্রগতি নেই। কিংবা মন্ত্রণালয় থেকে এটি চালুর বিষয়েও কোন নির্দেশনা এখন পর্যন্ত আসেনি বলে জানিয়েছে জেলা প্রশাসন।

আরও পড়ুন

কেশবপুরে ঘের কর্মচারির ভাসমান লাশ উদ্ধার

এ প্রসঙ্গে জানতে চাইলে জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরামর্শ অনুযায়ী বর্তমানে সীমান্ত হাটটি বন্ধ রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। হাটটি পুনরায় চালুর ব্যাপারে এখন পর্যন্ত কোন নির্দেশনা আসেনি। হাট চালুর বিষয়ে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসিবুল ইসলাম দৈনিক ফেনীকে বলেন, সরকার উদ্যোগ নিলে সীমান্ত হাট চালু হবে। তবে এটি বিজিবির বিষয় নয়।
পুনরায় সীমান্ত হাট চালু করার ক্ষেত্রে নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, হাট বন্ধের সময় বিজিবির পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিতে পরামর্শ দেওয়া হয়েছিল। তবে এখন যেহেতু চালু নেই নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো এখানে আসবে না। সরকার উদ্যোগ নিলে নিরাপত্তার বিষয়ে খতিয়ে দেখবে বিজিবি।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: