দুর্গাপূজা ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই: ডিআইজি

শারদীয় দুর্গাপূজা ঘিরে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা বা নাশকতার হুমকি নেই বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরী। দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান তিনি।
শুক্রবার (১৬ অক্টোবর) রাতে চাঁদপুর শহরের কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরী বলেন, দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশে বিপুলসংখ্যক পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। চাঁদপুরেও পূজামণ্ডপগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। মাঠপর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রযুক্তিনির্ভর নজরদারিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, দেশের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে পুলিশ ‘শারদীয় সুরক্ষা’ অ্যাপ্লিকেশন ব্যবহার করছে। পাশাপাশি পূজামণ্ডপে স্থাপিত সিসিটিভি ক্যামেরার কার্যক্রম কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এর মাধ্যমে যেকোনো পরিস্থিতিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
পরিদর্শনকালে চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নুর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীর, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সহসভাপতি নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী, কালীমন্দির কমিটির সাধারণ সম্পাদক গোপাল সাহা, শহর পূজা উদযাপন পরিষদের সভাপতি নেপাল সাহাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/জেআ