যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীসহ পলাতক ৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৩ লক্ষ টাকা যৌতুকের দাবিতে সুমাইয়া আক্তার জামিলা (২০) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের সালামপুর গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। এই ঘটনায় নিহতের স্বামী ও শ্বশুরসহ পরিবারের ৬ জনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন নিহতের মা মোসাঃ রুনা বেগম।
এজাহার সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে কানসাট ইউনিয়নের পুকুরিয়া এলাকার আব্দুর রাজ্জাকের সাথে সুমাইয়ার পারিবারিকভাবে বিয়ে হয়েছিল। তবে পরবর্তীতে প্রেমের সম্পর্কের জেরে গত ৩০ অক্টোবর তিনি তার প্রথম স্বামীকে তালাক দিয়ে পিরোজপুর এলাকার রিপন আলীকে (রিমন) বিয়ে করেন। নিহতের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই রিপন ও তার পরিবারের সদস্যরা ৩ লক্ষ টাকা যৌতুকের দাবিতে সুমাইয়ার ওপর প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল।নিহতের মা রুনা বেগম জানান, গত ২৭ এপ্রিল সোমবার রাতে স্বামী রিপন আলী সুমাইয়াকে তার বাবার বাড়ি থেকে নিজেদের বাড়িতে নিয়ে যান। আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে সুমাইয়ার শ্বশুর মাহাবুর রহমান (ভুট্টু) পুত্রবধূর অসুস্থতার কথা বলে রুনা বেগমকে মোটরসাইকেলে করে তাদের বাড়িতে নিয়ে যান। সেখানে পৌঁছে রুনা বেগম দেখতে পান,শয়নকক্ষের বিছানায় তার মেয়ের নিথর দেহ পড়ে আছে। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহটি বাড়ির উঠানে বের করে আনা হয়।
খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে। মরদেহ উদ্ধারকারী কর্মকর্তা ও শিবগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, "নিহতের গলায় এবং বাম চোয়ালের নিচে স্পষ্ট আঘাতের চিহ্ন রয়েছে। আমরা সকাল ১০টার দিকে বাড়ির উঠানে দড়ির খাটিয়ার ওপর শোয়ানো অবস্থায় মরদেহটি উদ্ধার করি।"
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা না আত্মহত্যা। বর্তমানে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।"
নিহতের পরিবারের দাবি, এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী রিপন আলীসহ পরিবারের সদস্যরা গা ঢাকা দিয়েছে। পুলিশ আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করেছে বলে থানা সূত্রে জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভোরের আকাশ/এনউব