ভূমি ব্যবস্থাপনায় জটিলতা দূর করতে অটোমেশনের ওপর গুরুত্ব দিলেন ভূমিমন্ত্রী মিনু

ভূমি ব্যবস্থাপনার দীর্ঘদিনের জটিলতা, অনিয়ম ও হয়রানি দূর করতে আধুনিক প্রযুক্তিনির্ভর অটোমেশন পদ্ধতি কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, জমি নিয়ে বিরোধ ও জটিলতার কারণে দেশের বহু পরিবার নিঃস্ব হচ্ছে। সাধারণ মানুষকে ভূমি অফিসে গিয়ে যেন হয়রানি ও ভোগান্তির শিকার হতে না হয়, তা নিশ্চিত করতে হবে।
এ জন্য ভূমি ব্যবস্থাপনায় প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার পাশাপাশি দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। কোনো অসহায় কৃষক কিংবা সাধারণ মানুষ যেন ন্যায্য ভূমি অধিকার থেকে বঞ্চিত না হন, সে দায়িত্ব সংশ্লিষ্ট কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে।
গতকাল শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ প্রকল্পের সমন্বিত সিস্টেমে হোল্ডিং ও খতিয়ান ডেটা এন্ট্রি এবং যাচাইকরণের বাস্তবায়নবিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী মিনু আরও বলেন, দীর্ঘদিনের ভূমি ব্যবস্থাপনার জটিলতা থেকে মানুষকে মুক্তি দিতে হবে। জমি নিয়ে বিরোধ ও অসন্তোষ নিরসনে একটি আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব ব্যবস্থাপনা গড়ে তোলা জরুরি। ইউএনডিপির সহযোগিতায় ভূমি
ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণের মাধ্যমে ভবিষ্যতে জনগণের জন্য নিরাপদ ও স্বচ্ছ সেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
মাঠপর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, ইউএনও, এসিল্যান্ড ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিষ্ঠা, সততা এবং আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। ভূমি অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষ ও অসহায় কৃষকদের সঙ্গে মানবিক আচরণ করতে হবে। কোনো মানুষ যেন হয়রানির শিকার না হন এবং ভূমিদস্যুরা যেন কোনোভাবেই প্রশ্রয় না পান, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, দায়িত্ব পালনে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভুল হলে তা স্বীকার করে সংশোধনের মানসিকতা থাকতে হবে। প্রত্যেক কর্মকর্তাকে নিজের দায়িত্বের প্রতি সচেতন থাকতে হবে। মানুষের সেবা করার পাশাপাশি সৃষ্টিকর্তার কাছে জবাবদিহিতার অনুভূতি নিয়েও কাজ করতে হবে।
নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতার উদাহরণ তুলে ধরে ভূমিমন্ত্রী বলেন, সম্প্রতি মন্ত্রণালয়ে প্রায় ৫৫৭ জন কানুনগো নিয়োগ দেওয়া হয়েছে। কোনো ধরনের অনৈতিক লেনদেন ছাড়াই স্বচ্ছ প্রক্রিয়ায় এই নিয়োগ সম্পন্ন হয়েছে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ের প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়বে বলে তিনি উল্লেখ করেন।
ভোরের আকাশ/আ.র