কখনো ভাবিনি আমার মতো এতিমের এভাবে বিয়ে হবে

পিতামাতা হারিয়ে সরকারি শিশু পরিবারে ঠাঁই পেয়ে শৈশব থেকে কৈশোর এবং কৈশোর থেকে যখন যৌবনে পা রেখেছিলাম, কখনো ভাবিনি আমার মতো এতিম মেয়ের বিয়ে এত ধুমধাম করে হবে। এত সুন্দর বিয়ের আয়োজন হবে কল্পনাও করিনি। আজ বুঝলাম, “যার কেউ নেই, তার আল্লাহ আছে”।’ বলছিলেন এতিম মেয়ে সুহানি আক্তার।
পিরোজপুর জেলাপ্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তর এর আয়োজনে সরকারি শিশু পরিবারের এক এতিম মেয়েকে রোববার (১২ জুলাই) রাতে পিরোজপুর সরকারি শিশু পরিবার ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে ধুমধাম করে পিরোজপুরে প্রথম বারের মতো এধরনের বিয়ে অনুষ্ঠিত হয়।
বিয়েতে মেয়ের অভিভাবকের দায়িত্ব পালন করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ। তিনি কনে সুহানি আক্তারকে আনুষ্ঠানিকভাবে বরের হাতে তুলে দেন এবং নবদম্পতির সুখী, সুন্দর ও সমৃদ্ধ দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানান।
জানা যায়, পিতামাতাহীন সুহানি আক্তার ২০১৫ সালে সরকারি শিশু পরিবারে আশ্রয় পান। সেখানেই বেড়ে ওঠেন এবং প্রাপ্তবয়স্ক হওয়ার পর পিরোজপুর সদর উপজেলার জুজখোলা গ্রামের রাকিব শেখের সঙ্গে এক লাখ এক টাকা দেনমোহরে তার বিয়ে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, সমাজসেবা অধিদপ্তর পিরোজপুরের উপপরিচালক মো. ইকবাল করিম,সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক শাবানা খানম সহ জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিরা।
ভোরের আকাশ/ এনউব