কুষ্টিয়ায় ব্রাজিল সমর্থকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

কুষ্টিয়ার কুমারখালীতে গলায় ফাঁস দিয়ে রতন (১৯) নামের এক ব্রাজিল সমর্থক আত্মহত্যা করেছেন। উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াটঘাট এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রতন ওই এলাকার হোসেন মিস্ত্রীর সেজো ছেলে। তিনি মাত্র দুই মাস বয়সী এক কন্যাসন্তানের জনক ছিলেন বলে জানা গেছে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ঘরের ভেতর থেকে রতনের কোনো সাড়াশব্দ না পেয়ে বাড়ির লোকজনের মনে সন্দেহের সৃষ্টি হয়। পরে তারা ঘরের জানালায় উঁকি দিয়ে রতনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহায়তায় ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। তবে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে কুমারখালী থানার তদন্ত কর্মকর্তা (এসআই) আমিরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। রতনের মৃত্যু নিয়ে পরিবার বা স্থানীয়দের পক্ষ থেকে কোনো অভিযোগ বা আপত্তি না থাকায়, তারা ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের আবেদন জানান।
এ বিষয়ে তদন্ত কর্মকর্তা জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি প্রদান করা হয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের দাফনের প্রস্তুতি চলছিল।
ভোরের আকাশ/এনউব