বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করতে চাইলে, সকল সংগঠনকে একমত হতে হবে: বেরোবি উপাচার্য

ছাত্র সংগঠনগুলোর উপর নির্ভর করছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি চলবে কি না। এখন পর্যন্ত দুটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করার ইচ্ছে পোষণ করেছে। তবে শুধু তারা চাইলেই হবে না, সকল সংগঠন রাজনীতি করার ইচ্ছে পোষণ করলে, তা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শওকাত আলী।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রশাসনিক ভবনের সভাকক্ষে যোগদানের দুই বছর পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে উপাচার্য এ কথা বলেন।
এসময় তিনি বলেন, ছাত্রশিবির ও ছাত্রদল বিশ্ববিদ্যালয়ে রাজনীতির অনুমতি দিতে চিঠি দিয়েছে। তবে আর কোন সংগঠন এখন পর্যন্ত তাদের মতামত জানায়নি। যদি সকল ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করতে ঐক্যমত হন, তবে এতে বিশ্ববিদ্যালয়ের কোন আপত্তি থাকবে না বলে জানান তিনি। তবে এর জন্য সিন্ডিকেট মিটিংয়ে সেটি নিয়ে আলোচনা হবার পর।
উপাচার্য আরো বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালেও ছাত্র সংসদ চালুর উদ্দ্যোগ নিয়েছিলেন তিনি। এজন্য কয়েক দফা নির্বাচন কমিশন ও সময় নির্ধারণ করা হয়েছিল। তবে নানা জটিলতায় নির্বাচন কমিশনের বারংবার পদত্যাগে শেষ পর্যন্ত তা হয়ে ওঠেনি। তবে সকল শিক্ষার্থী চাইলে সেটি সম্ভব বলে জানান তিনি।
এসময় তিনি জানান, তার দুই বছরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক প্রতিটি ক্ষেত্রে পরিবর্তন, উন্নয়ন ও আধুনিকায়নের নানা রকম উদ্দ্যোগ নেওয়া হয়েছে, যা ইতোপূর্বে হয়নি।
এমনকি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর সবোর্চ্চ পরিমাণ বাজেট এসেছে তার হাত ধরে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নসহ শিক্ষার মান বৃদ্ধিতে অগ্রণী ভুমিকা রাখবে বলে জানান তিনি।
ভোরের আকাশ/আ.র