কারাগারে শিক্ষক; মুক্তির দাবিতে চাঁদপুরে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

চাঁদপুরের শাহরাস্তিতে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে আটক মাদরাসা শিক্ষক মো. আবদুল মালেকের মুক্তির দাবিতে শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করেছে। বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে শাহরাস্তি প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে শিক্ষার্থীরা এ সংবাদ সম্মেলন করে।
সংবাদ সম্মেলনে আলিম ১ম বর্ষের শিক্ষার্থী আব্দুল খালেক দাবি করেন, চিতোষী সুলতানিয়া ফাজিল মাদরাসার বাংলা প্রভাষক মো. আবদুল মালেকের বিরুদ্ধে দুই ছাত্রী যৌন হয়রানির অভিযোগ এনে মামলা করেন, যার ভিত্তিতে তাকে গত ৬ ডিসেম্বর গ্রেপ্তার করে পুলিশ।
তিনি আরও দাবি করেন, স্থানীয়ভাবে অনুসন্ধান করতে গিয়ে তারা জানতে পারেন-উক্ত দুই ছাত্রী দীর্ঘদিন ধরে অছাত্র যুবকদের সঙ্গে “অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েছিল”, যা নিয়ে শিক্ষক আবদুল মালেক এবং মাদরাসা কর্তৃপক্ষ তাদের নিবৃত করার চেস্টা করে এবং অভিভাবকদের সঙ্গে সমাধানের উদ্যোগ নিয়েছিল। খালেকের দাবি, এ ঘটনার জেরে ক্ষোভ থেকে সংশ্লিষ্ট পরিবার ও কিছু অসাধু মহল শিক্ষককে ফাঁসানোর চেষ্টা করছে। এসব অভিযোগ এলাকাবাসীর মধ্যেও আলোচনা সৃষ্টি করেছে বলে তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, মাদরাসার গভর্নিং বডিতে অন্তর্ভুক্ত হতে না পারা কিছু ব্যক্তির অসন্তোষের সুযোগ নিয়ে একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে মাদরাসা নিয়ে ষড়যন্ত্র করে আসছে। সাম্প্রতিক অভিযোগটি সেই মহলের “পরিকল্পিত অপপ্রচারের অংশ” বলেও দাবি করেন তারা।
শিক্ষার্থীদের অভিযোগ, এসব বিতর্কের ফলে একজন দায়িত্বশীল ও পরিশ্রমী শিক্ষক হিসেবে পরিচিত মো. আবদুল মালেকের পেশাগত ভবিষ্যৎ হুমকির মুখে পড়তে পারে। বিষয়টি নিয়ে স্বচ্ছ, নিরপেক্ষ ও সঠিক তদন্তের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।
ভোরের আকাশ/তা.কা