খুলনায় পরিবহন মালিক-শ্রমিকদের মতবিনিময় সভা

২০১৮ সালে প্রণীত কথিত ‘কালো আইন’ বাতিলের দাবিতে খুলনা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) দুপুরে খুলনা নগরীর সোনাডাঙ্গা এম এ বারী সড়কের একটি হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে খুলনা, ঝালকাঠি, মেহেরপুর, কুষ্টিয়া, বাগেরহাট, ঝিনাইদহ, যশোর, রূপসা, পিরোজপুর, কালীগঞ্জ, মহেশপুরসহ বিভিন্ন জেলার বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতারা অংশ নেন।
খুলনা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি আব্দুল গফফার বিশ্বাসের সভাপতিত্বে এবং খুলনা জেলা বাস-মিনিবাস-কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক রবিউল করিমের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন খুলনা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মোহাম্মদ মোকাম্মেল হোসেন, মহেশপুর-খুলনা আন্তঃজেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সোমনাথ দে, রূপসা বাস মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম, খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী মো. সরোয়ার, ঝালকাঠি আন্তঃজেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. টিপু সুলতান, কুষ্টিয়া জেলা ট্রাক, ট্যাংক লরি, কাভার্ড ভ্যান ও মিনি ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুল হাই, খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, খুলনা জেলা ট্রাক, ট্যাংক লরি ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ অহিদুল ইসলামসহ বিভিন্ন জেলা ও উপজেলার পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতারা।
সভায় বক্তারা ২০১৮ সালের আইন বাতিলের দাবি জানিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
ভোরের আকাশ/এম