জামালপুরে চোরাই মোটরসাইকেলসহ তিনজন গ্রেপ্তার

জামালপুরের জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) এর অভিযানে চোরাই মোটরসাইকেল চুরি ও ক্রয়-বিক্রয় চক্রের তিনজনকে গ্রপ্তার করা হয়েছে। এ সময় দুইটি চোরাই মোটরসাইকেলও উদ্ধার করা হয়।
শনিবার (৫ সেপ্টেম্বর) দিনভর অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে জেলা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- জামালপুর পৌর শহরের বগাবাইদ বোর্ডঘর এলাকার দুলাল শেখের ছেলে নিরব হোসেন (২৬), সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের কটারবাড়ি এলাকার সামছুল হকের ছেলে মাহফুজ আহম্মেদ (৩০) ও মেলান্দহ উপজেলার কুলিয়া দক্ষিণপাড়া এলাকার তাহিজল ইসলামের ছেলে বরকতউল্লাহ সবুজ (২৮)।
পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুর সাড়ে ৩টার দিকে সদর উপজেলার গোপালপুর এলাকায় নিরব হোসেনের শশুর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে নিরব হোসেনকে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই দিন রাত ৮টার দিকে সদর উপজেলার ভারুয়াখালী এলাকা থেকে মাহফুজ আহম্মেদকে গ্রেপ্তার করা হয়।
পরে মাহফুজের কাছ থেকে তার হেফাজতে থাকা বাজাজ ডিসকভারি ব্র্যান্ডের ১২৫ সিসি’র একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। মোটরসাইকেলটির আনুমানিক মূল্য ১ লক্ষ ২০ হাজার টাকা। তারপর আবারো নিরব হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ১১টার দিকে মেলান্দহ উপজেলার কুলিয়া দক্ষিণপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে বরকতউল্লাহ সবুজকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
তারপর সবুজ মিয়ার কাছ থেকে অ্যাপাচি আরটিআর ১৫০ সিসি’র একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোটরসাইকেলটির আনুমানিক মূল্য ২ লক্ষ ৫ হাজার টাকা।
জামালপুরের পুলিশ সুপার মোছা: ফারহানা ইয়াসমিন বলেন, উদ্ধারকৃত মোটরসাইকেল দুটি যথাযথ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মামলাটি তদন্তাধীন রয়েছে। জামালপুর জেলা পুলিশ অপরাধ দমন, চোরাই যানবাহন উদ্ধার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
ভোরের আকাশ/ এনউব