বগুড়ায় খালেদা জিয়া-তারেক রহমানের মনোনয়নে নেতাকর্মীদের উচ্ছ্বাস

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার দুটি গুরুত্বপূর্ণ আসনে বিএনপির শীর্ষ নেতৃত্বকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করার ঘোষণায় স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে। বগুড়া-৬ (সদর) আসনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বগুড়া-৭ (গাবতলী-শাহজাহানপুর) আসনে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ধানের শীষ প্রতীকে লড়বেন—দলের পক্ষ থেকে এমন আনুষ্ঠানিক ঘোষণার পর থেকেই বগুড়াজুড়ে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে বাঁধভাঙা উচ্ছ্বাস শুরু হয়েছে।
প্রায় কয়েক শ’ নেতাকর্মী মিছিল সহকারেশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অনেককে মিষ্টি বিতরণ করতেও দেখা যায়। পরে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট এ কে এম মাহবুবুর রহমান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনাসহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।
জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, বগুড়া-৬ ও বগুড়া-৭ এ দুইটি আসন বিএনপি পরিবারের সদস্যদের আসন। অতীতেও এই দুটি আসনথেকে বিপুল ভোটে বেগম খালেদা জিয়াকে নির্বাচিত করেছে বগুড়ার মানুষ।এবারও বিপুল ভোটে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে নির্বাচিত করবেন। তিনি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য বগুড়া বাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে সম্ভাব্য চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রার্থী তালিকা ঘোষণা করেন।
এ সময় তিনি জানান, বগুড়া-৬ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে, বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ আসন থেকে লড়বেন বিএনপি চেয়ারপার্রসন বেগম খালেদা জিয়া।
ভোরের আকাশ/এসএইচ