বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়ার মাজারে চট্টগ্রাম মহানগর নেতাদের শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের রাঙ্গুনিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির নেতাকর্মীরা।
মঙ্গলবার রাঙ্গুনিয়ায় অবস্থিত শহীদ জিয়াউর রহমানের মাজারে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি সেখানে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
কর্মসূচিতে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এমপি, সদস্য সচিব নাজিমুর রহমান, সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্কর এবং বিএনপির কেন্দ্রীয় সদস্য শামসুল আলমসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
শ্রদ্ধা নিবেদন শেষে এরশাদ উল্লাহ এমপি বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে দেশের রাজনীতিতে একটি নতুন রাজনৈতিক ধারা তৈরি করেছিলেন। তার রাজনৈতিক দর্শনের অন্যতম লক্ষ্য ছিল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সংরক্ষণ, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি শক্তিশালী ও মর্যাদাশীল রাষ্ট্র গড়ে তোলা।
তিনি বলেন, রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসর সংকুচিত হওয়ার সময়ে জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্রের সুযোগ তৈরি করেন। পরবর্তী সময়ে বিএনপি দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
মহানগর বিএনপির আহ্বায়ক আরও বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারবিরোধী আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ তৈরি হয়। ১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করে দেশে সংসদীয় গণতন্ত্র পুনরায় চালু করে।
তিনি বলেন, বর্তমানে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী ও কার্যকর করার প্রয়োজন রয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠা, মানুষের মতপ্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও নাগরিক অধিকারনির্ভর বাংলাদেশ গঠনে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
নাজিমুর রহমান বলেন, বিএনপির দীর্ঘ রাজনৈতিক ইতিহাস নানা প্রতিকূলতা ও সংকটে পরিপূর্ণ। বিভিন্ন সময়ে দলের নেতাকর্মীরা নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন। তারপরও জনগণের সমর্থন ও ভালোবাসায় দলটি প্রতিটি সংকট কাটিয়ে আবারও সংগঠিত হয়েছে।
তিনি বলেন, বিএনপি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থরক্ষার রাজনৈতিক সংগঠন নয়। দেশের মানুষের অধিকার, প্রত্যাশা ও আকাঙ্ক্ষার সঙ্গে দলটির রাজনৈতিক কর্মকাণ্ড গভীরভাবে সম্পৃক্ত বলেও মন্তব্য করেন তিনি।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, এস এম সাইফুল আলম, কাজী বেলাল উদ্দিন, হারুন জামান, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াছিন চৌধুরী লিটন, শিহাব উদ্দিন মুবিন ও মনজুর আলম মঞ্জুসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পরে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ ও দেশের মানুষের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
ভোরের আকাশ/ এনউব