নাগেশ্বরীতে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৫

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত বেড়ে দাঁড়িয়েছে ৫ জনে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন। মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে নাগেশ্বরী পৌরসভার বাঁশেরতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ভুরুঙ্গামারী উপজেলার শিলকুড়ি ইউনিয়নের আসাদমোড় এলাকার শামীম (৪৬), তার মেয়ে সাদিয়া আক্তার (৮), একই এলাকার সাইফুর রহমানের ছেলে মাইক্রোবাস চালক লিমন মিয়া (৪৮), তার মেয়ে মুন আক্তার (১০), জাহিদুল ইসলামের ছেলে নুরনবী মিয়া (২৮)।
বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান।
প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুর থেকে ডাক্তার দেখিয়ে মাইক্রোবাসে করে ভুরুঙ্গামারীর দিকে যাচ্ছিল যাত্রীরা। অপরদিক থেকে আসা ভুট্টাবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। আহতদের আশঙ্কাজনক অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানেই মারা যান সাদিয়া, নুরনবী মিয়া ও লিমন মিয়া।
আহতদের উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম জেলা সদর হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান সাদিয়ার বাবা শামীম, লিমনের মেয়ে মুন।
হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ধলডাঙ্গার তায়মানা বেগম (৪০), নিহত ড্রাইভার লিমনের স্ত্রী জবা বেগম (৪০), শিলখুড়ির শান্না (২১), মনির আলী (৫৫), সমির উদ্দিন (৬০), শিউলি বেগম (৪০), সিয়াম (৩৫), সিফাত (১২) ও মমিমুল ইসলাম।
নাগেশ্বরী থানার ওসি আব্দুল্লাহ হিল জামান বলেন, একটি মাইক্রোবাস ভুরুঙ্গামারীর বাসস্ট্যান্ড পার হলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত অভিযুক্ত কাউকে আটক করা হয়নি।
ভোরের আকাশ/এনএস