গাজী নুরুজ্জামান বাবুলের স্মরণে পিরোজপুরে স্মরণসভা ও দোয়া

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুলের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর জেলা ছাত্রদলের উদ্যোগে মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
স্মরণসভায় বক্তারা গাজী নুরুজ্জামান বাবুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা এবং পিরোজপুরের মানুষের জন্য তাঁর অবদানের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, গাজী নুরুজ্জামান বাবুল ছিলেন একজন নিবেদিতপ্রাণ রাজনৈতিক সংগঠক, দেশপ্রেমিক নেতা ও বীর মুক্তিযোদ্ধা। তাঁর কর্মময় রাজনৈতিক জীবন ও দেশের প্রতি অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাহিনের সঞ্চালনায় স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, পৌর বিএনপির আহ্বায়ক শেখ শহীদুল্লাহ শহীদ, শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, গাজী নুরুজ্জামান বাবুলের সন্তান গাজী কামরুজ্জামান শুভ্রসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা শেষে গাজী নুরুজ্জামান বাবুলের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু।
ভোরের আকাশ/সু.পা