সিংগাইরে জনতার হাতে গাঁজা বিক্রেতা আটক, ৩ মাসের জেল

মানিকগঞ্জের সিংগাইরে গাঁজা বিক্রির সময় স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন বিশা মোল্লা (৫০) নামে এক ব্যক্তি। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার জায়গীর ব্রিজের ওপর গাঁজা বিক্রির সময় স্থানীয় লোকজন তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে আট পোটলা গাঁজা উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে বিষয়টি অবহিত করেন।
খবর পেয়ে সিংগাইর থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করেন। পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন কবীরের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত বিশা মোল্লা উপজেলার জায়গীর এলাকার বোরহান মোল্লার ছেলে।
ভোরের আকাশ/ এনউব