গাইবান্ধায় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি বিতরণ

শারদীয় দুর্গাপূজার আনন্দ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে গাইবান্ধায় ৫০ জন নারীর মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের ব্রিজ রোড এলাকার শ্রী শ্রী পাথারী কালিমন্দির দুর্গাপূজা মণ্ডপে এ বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ব্রিজ রোড কালীবাড়ির কন্যা অপু মজুমদারের অর্থায়নে এবং শ্রী শ্রী পাথারী কালিমন্দির দুর্গাপূজা কমিটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ৫০ জন নারীর হাতে শাড়ি তুলে দেওয়া হয়। পূজার আনন্দ ভাগাভাগি করে নেওয়া এবং নারীদের মুখে হাসি ফোটানোর উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী শ্রী পাথারী কালিমন্দির দুর্গাপূজা কমিটির সভাপতি গোবিন্দলাল দাস। বিশেষ অতিথি ছিলেন কমিটির সাধারণ সম্পাদক কান্তি ভূষণ বর্মণ ও কার্যকরী সদস্য জীবন কুমার সরকার।
আয়োজকেরা জানান, ধর্মীয় উৎসব কেবল পূজা-অর্চনার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও সম্প্রীতি চর্চারও একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের মানবিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে শাড়ি পেয়ে নারীরা আনন্দ প্রকাশ করেন। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে শঙ্খধ্বনি, উলুধ্বনি ও আরতি প্রতিযোগিতার আয়োজনও রাখা হয়।
ভোরের আকাশ/সু.পা