কুমিল্লায় পানিতে ডুবে প্রাণ গেল দুই আট বছরের শিশুর

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পানিতে ডুবে একই পরিবারের দুটি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার সিদলাই ইউনিয়নের পোমকাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো ইমরান (৮), ইউনুস মিয়ার ছেলে এবং জুনায়েদ (৮), আবদুল আউয়ালের ছেলে। তারা একই বাড়ির বাসিন্দা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশের একটি ডোবার ধারে খেলছিল দুই শিশু। একপর্যায়ে অসাবধানতাবশত তারা পানিতে পড়ে যায়। অনেকক্ষণ তাদের খুঁজে না পেয়ে স্বজনরা ডোবায় অনুসন্ধান চালিয়ে দুজনকে উদ্ধার করেন। পরে দ্রুত ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা মাইনুদ্দিন সরকার বলেন, একই বাড়ির দুই শিশুর এমন অকাল মৃত্যু পুরো এলাকাকে শোকাহত করেছে। পরিবারের সদস্যরা শোকে ভেঙে পড়েছেন।
সিদলাই ইউনিয়নের ইউপি সদস্য আবুল বাসার বাদল জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। এ ঘটনায় এলাকায় গভীর শোকের পরিবেশ বিরাজ করছে।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জ্যোতি প্রকাশ বিশ্বাস বলেন, হাসপাতালে আনার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছিল। প্রয়োজনীয় পরীক্ষা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
একই পরিবারের দুই শিশুর এমন করুণ মৃত্যুতে পোমকাড়া গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকার পরিবেশ।
ভোরের আকাশ/জেআ