শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি ও কর্মমুখী শিক্ষায় দক্ষ হতে হবে: ফজলুল হক মিলন

গাজীপুরের কালীগঞ্জে শিক্ষা অবকাঠামোর উন্নয়নে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে চারতলা একাডেমিক ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে এসব ভবন নির্মাণে মোট ১১ কোটি ২৬ লাখ ৯১ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিনব্যাপী এসব উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এ. কে. এম. ফজলুল হক মিলন।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ. কে. এম. ফজলুল হক মিলন বলেন, বর্তমান যুগে আধুনিক শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষায় সীমাবদ্ধ না রেখে তথ্যপ্রযুক্তি, কারিগরি ও কর্মমুখী শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করা গেলে কালীগঞ্জের নতুন প্রজন্ম দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জুগলী উচ্চ বিদ্যালয়, জামালপুর রাজমোহন বিদ্যাপীঠ ও চুপাইর বালিকা বিদ্যালয়ে চারতলা একাডেমিক ভবন নির্মাণ করা হবে।
দিনের দ্বিতীয় পর্বে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ২০২৬-২০২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলার বিভিন্ন জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়। বক্তারপুর ইউনিয়নের বেলাই বিলের বেরুয়া ব্রিজ অংশ, বেরুয়া এ. আর. খান উচ্চ বিদ্যালয়ের পুকুর, কালীগঞ্জ উপজেলা পরিষদ পুকুর, কালীগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দুর্বাটি দারুচ্ছুন্নাত এতিমখানা, কালীগঞ্জ কাচারির পুকুর/পৌরভূমি অফিস ও তুমুলিয়া ইউনিয়নের চুয়ারিয়াখোলা এতিমখানার পুকুরে মোট ২৭১ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।
সংশ্লিষ্টরা জানান, এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্যসম্পদ সংরক্ষণ ও সাধারণ মানুষের জন্য মাছের সহজলভ্যতা বাড়বে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার ও সদস্যসচিব খালেকুজ্জামান বাবলু।
দিনব্যাপী আয়োজনে বক্তব্য দেন কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সোলায়মান আলম, আশরাফী হাবিবুল্লাহ, কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হোসেন আরমান মাস্টার, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলমগীর হোসেন স্বপন, পৌর বিএনপির সদস্যসচিব ইব্রাহিম প্রধান, সদস্য সালাহউদ্দিন আহমেদ ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন মোল্লা।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা সম্পা রানী কুন্ডু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুর রহমান খান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুর রহমান জুয়েল, বাহাদুরশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হারুন অর রশিদ দেওয়ানসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/সু.পা