বন্যাদুর্গত ৫০ পরিবারের পাশে দাঁড়াল আনসার-ভিডিপি

চট্টগ্রামের পটিয়া উপজেলার বড়লিয়া ও ছনহারা ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বাহিনীর সদস্যরা নিজেদের উদ্যোগ ও অর্থায়নে ৫০টি বন্যাকবলিত পরিবারের মধ্যে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেছেন।
টানা বর্ষণ ও বন্যায় দুর্গত মানুষের দুর্ভোগ কমাতে শুরু থেকেই আনসার-ভিডিপি সদস্যরা জনসচেতনতা সৃষ্টি, উদ্ধার কার্যক্রমে সহায়তা, ত্রাণ বিতরণ এবং ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে কাজ করছেন। এরই অংশ হিসেবে বড়লিয়া ও ছনহারা ইউনিয়নের অসহায় পরিবারগুলোর হাতে প্রয়োজনীয় খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়।
ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট, বিশুদ্ধ খাবার পানি, আলু, পেঁয়াজ ও দিয়াশলাই। সহায়তা পেয়ে উপকারভোগীরা স্বস্তি প্রকাশ করেন এবং এই মানবিক উদ্যোগের জন্য আনসার-ভিডিপি সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান। স্থানীয় বাসিন্দারাও এ উদ্যোগের প্রশংসা করেছেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক দুর্যোগকালে উদ্ধার, পুনর্বাসন ও মানবিক সহায়তা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিতে দেশের সব আনসার ও ভিডিপি সদস্যের প্রতি আহ্বান জানিয়েছেন। সেই নির্দেশনার আলোকে পটিয়াসহ দেশের বিভিন্ন এলাকায় বাহিনীর সদস্যরা দুর্গত মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
দুর্যোগ মোকাবিলায় প্রান্তিক মানুষের পাশে দাঁড়িয়ে আনসার-ভিডিপির এই মানবিক উদ্যোগ বাহিনীর জনসেবামূলক ভূমিকারই আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।
ভোরের আকাশ/জেআ