গাইবান্ধায় ইয়াবাসহ যুবক গ্রেফতার

গাইবান্ধা সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাকিল মিয়া (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শুক্রবার (১৯ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোত্তালিব সরকার।
এর আগে গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের উত্তর ঘাগোয়া সরকারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাকিল মিয়া ওই এলাকার মৃত সাদ মিয়ার ছেলে।
ডিবি পুলিশ জানায়, অভিযানের সময় শাকিলের বসতবাড়ির একটি কক্ষে তল্লাশি চালিয়ে তার পরিহিত প্যান্টের ডান পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ২০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোত্তালিব সরকার বলেন,' গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর হয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানানো হয়।'
ভোরের আকাশ/ইউএম