চমেক হাসপাতালে প্রায় ২ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম দিল কেএসআরএম

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়নে প্রায় দুই কোটি টাকা মূল্যের আধুনিক চিকিৎসা সরঞ্জাম প্রদান করেছে দেশের অন্যতম শীর্ষ ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান কেএসআরএম।
শনিবার (২৭ জুন) হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে কেএসআরএমের উপ-ব্যবস্থাপনা পরিচালক সেলিম উদ্দিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বাজেট) আরিফ আহমদ এবং চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিনের হাতে এসব চিকিৎসা সরঞ্জাম আনুষ্ঠানিকভাবে তুলে দেন।
প্রদান করা সরঞ্জামের মধ্যে রয়েছে চারটি হিমোডায়ালাইসিস মেশিন, চারটি রিয়েল-টাইম ৪ডি আল্ট্রাসাউন্ড মেশিন এবং জিই ব্র্যান্ডের একটি অত্যাধুনিক কালার ডপলার সিস্টেম। সংশ্লিষ্টদের মতে, এসব যন্ত্রপাতি আধুনিক চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সংকটাপন্ন রোগীদের চিকিৎসায় কার্যকর সহায়তা দেবে।
অনুষ্ঠানে কেএসআরএমের পরিচালক জসিম উদ্দিন, উপ-পরিচালক ডা. ইলিয়াছ চৌধুরী, সহকারী পরিচালক ডা. কাজী সাইফুল আলম, ডা. দেব প্রসাদ চক্রবর্তী, ডা. রুমা ভট্টাচার্য্য, উপ-মহাব্যবস্থাপক ওয়াহিদুজ্জামান, মোস্তফা আনোয়ার, মিডিয়া অ্যাডভাইজার মিজানুল ইসলাম, ব্যবস্থাপক তাজ উদ্দিন, করপোরেট চিকিৎসক ডা. মেজবাহ উদ্দিন, ডা. জুনায়েদ আহমেদ, ব্র্যান্ড সমন্বয়ক মনিরুজ্জামান রিয়াদ, মিজান উল হক, মিথুন বড়ুয়াসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বাজেট) আরিফ আহমদ বলেন, ২ হাজার ২০০ শয্যার চমেক হাসপাতালের জন্য বরাদ্দকৃত বাজেট প্রয়োজনের তুলনায় অনেক কম। ফলে অনেক রোগীকে চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে আর্থিক সংকটে পড়তে হয়।
তিনি বলেন, কেএসআরএমের এ ধরনের সহযোগিতা রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি তিনি অন্যান্য শিল্পপ্রতিষ্ঠানকেও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এমন উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন, বিভিন্ন দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে কেএসআরএম সবসময় হাসপাতালের পাশে থেকেছে। তিনি জানান, নবপ্রাপ্ত চিকিৎসা সরঞ্জামগুলো জরুরি চিকিৎসাসেবায় বিশেষ অবদান রাখবে এবং রোগীরা তুলনামূলক কম খরচে উন্নত চিকিৎসা গ্রহণের সুযোগ পাবেন। এ সহযোগিতার জন্য তিনি কেএসআরএম কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কেএসআরএমের পরিচালক (বিক্রয় ও বিপণন) জসিম উদ্দিন বলেন, মানুষের কল্যাণে কাজ করাকে প্রতিষ্ঠানটি সামাজিক দায়িত্বের অংশ হিসেবে দেখে। তিনি বলেন, চমেক হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের পাশে থাকতে পেরে কেএসআরএম গর্বিত। ভবিষ্যতেও মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে প্রতিষ্ঠানটির সহযোগিতা অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/ র.ই