তালায় প্রলোভন দেখিয়ে ধর্মান্তর ও অর্থ আত্মসাতের অভিযোগ

সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের কাদিকাটি গ্রামে প্রলোভন দেখিয়ে বিভিন্ন পরিবারকে ধর্মান্তরিত করা এবং অর্থ আত্মসাতের অভিযোগে গ্রামবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাদিকাটি গ্রামের গরু ব্যবসায়ী জয়দেব দাশের ছেলে বিল্লমঙ্গল দাশের বিরুদ্ধে বিদেশি একটি সংস্থার নাম ব্যবহার করে এলাকার অসহায় ও সহজ-সরল মহিলাদের সপ্তাহে ১-২ কেজি আটার প্রলোভন দিয়ে ধর্মান্তরিত করার অভিযোগ উঠেছে। ইতোমধ্যে প্রায় শতাধিক মহিলাকে এভাবে ধর্মান্তরিত করা হয়েছে বলে দাবি স্থানীয়দের।
এ ঘটনাকে কেন্দ্র করে কাদিকাটি গ্রামের মন্দিরের সামনে স্থানীয়দের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিল্লমঙ্গল দাশের বিরুদ্ধে বিদেশি সংস্থা থেকে আসা কোটি কোটি টাকা অসহায় পরিবারগুলোকে না দিয়ে নিজে আত্মসাৎ করে বিলাসবহুল বাড়ি নির্মাণের তথ্য উঠে আসে।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বিদেশি সংস্থার নামে সাহায্য দেওয়ার কথা বলে এলাকার নিরীহ মানুষদের বিভিন্ন সুবিধা ও প্রলোভনের ফাঁদে ফেলে ধর্মান্তরিত করা হচ্ছে। স্থানীয় বাসিন্দা শিবুপদ দাশ ও সংখ্যার দাশ অভিযোগ করেন, বিল্লমঙ্গল দাশ মানুষের সহায়তার টাকা আত্মসাৎ করে রাতারাতি বিপুল সম্পদের মালিক হয়ে গেছেন।
এ ঘটনায় কাদিকাটি গ্রামবাসীর পক্ষ থেকে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর প্রধান কার্যালয়, সাতক্ষীরা জেলা প্রশাসক এবং তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
প্রতিবাদ সভা থেকে সর্বসম্মত সিদ্ধান্তে জানানো হয়, ধর্মান্তরিত ব্যক্তিদের ক্ষেত্রে গ্রামের সামাজিক বন্ধন ও আচার-অনুষ্ঠানে সাময়িক নিষেধাজ্ঞা কার্যকর থাকবে, তবে কাউকে কোনো ধরনের জোরজবোর্দস্তি বা বাঁধাদান করা হবে না।
উক্ত প্রতিবাদ সভায় খলিষখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নান, ইউপি সদস্য সুবির দাশ, সাংবাদিক শাহিন আলম এবং স্থানীয় বিএনপি নেতা ইমান আলী, অসীম দাশ, মনিরুল ইসলাম ও সঞ্জয় দাশসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।
ভোরের আকাশ/ এনউব