নির্বাচন না দেওয়া ও ১৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে
বগুড়ায় নির্মাণ শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন

বগুড়া জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন নির্ধারিত সময়ে না দেওয়া এবং প্রায় ১৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন সংগঠনটির সাবেক নেতৃবৃন্দ।
সোমবার দুপুর ১২ টায় বগুড়া প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সভা বাস্তবায়ন প্রস্তুতি উপ-কমিটির আহ্বায়ক মো. বেলাল মন্ডল। তিনি বর্তমানে বগুড়া শহর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, বগুড়া জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৩ সালে। এরপর দীর্ঘ ১৩ বছরেও কোনো বৈধ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। গত বছরের ৫ জুলাইয়ের পর সংগঠনের বেশ কয়েকজন নেতা দায়িত্ব ছেড়ে দিলে কার্যক্রম স্থবির হয়ে পড়ে। এ অবস্থায় সাধারণ সভা আয়োজনের লক্ষ্যে সাত সদস্যের একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়।
তিনি জানান, চলতি বছরের ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে সংগঠনের কার্যালয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় শ্রমিকদের সর্বসম্মতিক্রমে অ্যাডভোকেট নাজমুল হুদা পপনকে এক সদস্যবিশিষ্ট নির্বাচন কমিটির দায়িত্ব দিয়ে দ্রুত তফসিল ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়।
বেলাল মন্ডলের দাবি, ওই সাধারণ সভায় সংগঠনের সভাপতি মো. হাফিজার রহমান ফান্ডে মাত্র ২ হাজার ৬০০ টাকা থাকার তথ্য উপস্থাপন করলে শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। পরে আয়-ব্যয়ের হিসাব নিরীক্ষার জন্য অডিট কমিটি গঠনের পরামর্শ দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, সংগঠনের তিনটি মিক্সার মেশিন, ২৫০টি স্টিলের কড়াই, ৪০টি বেলচা, আইপিএসসহ বিভিন্ন সরঞ্জাম, জামানতের টাকা এবং করোনাকালে সংগৃহীত অর্থ মিলিয়ে প্রায় ১৪ লাখ টাকার সম্পদের হিসাব পাওয়া যাচ্ছে না। এ অর্থ সংগঠনের সভাপতি মো. হাফিজার রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম শাহিন, সহ-সভাপতি মো. ফারুক হোসেন ও দপ্তর সম্পাদক মো. নান্নু মিয়া আত্মসাৎ করেছেন বলে তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, এ বিষয়ে রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়নের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে এবং সংশ্লিষ্টদের হিসাব-নিকাশ দিতে চিঠি দেওয়া হলেও তারা এখন পর্যন্ত কোনো জবাব দেননি।
সংবাদ সম্মেলনে সংগঠনের বর্তমান সদস্যসংখ্যা ৩ হাজার ৬৫০ জন উল্লেখ করে বেলাল মন্ডল শ্রমিকদের স্বার্থে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানান।
ভোরের আকাশ/এনউব