নিউমার্কেটে অবৈধ দোকান উচ্ছেদ

চট্টগ্রামের অন্যতম বৃহৎ সাইকেল বিপণি এলাকা নিউমার্কেটের অমর চাঁদ সড়কে দীর্ঘদিন ধরে কিছু ব্যবসায়ী ফুটপাত দখল করে সাইকেল ও যন্ত্রাংশ প্রদর্শন করে আসছেন। শনিবার পর্যন্তও পরিস্থিতি ছিল একই রকম। তবে এদিন সেখানে অভিযান পরিচালনা করে চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
অভিযানের নেতৃত্ব দেন স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) মো. সোয়েব উদ্দিন খান। তিনি সাইকেল ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশ দেন যাতে কোনো ব্যবসায়ী ভবিষ্যতে ফুটপাত দখল করে পণ্য প্রদর্শন বা ব্যবসা পরিচালনা না করেন।
অভিযান চলাকালে রাস্তা ও ফুটপাতের ওপর গড়ে ওঠা প্রায় ২০০টি অবৈধ টং দোকান অপসারণ করা হয়। এসব স্থাপনার কারণে পথচারীদের চলাচলে অসুবিধা হচ্ছিল এবং যানবাহন চলাচলেও বাধা সৃষ্টি হচ্ছিল। উচ্ছেদ কার্যক্রম শেষে ফুটপাত ও সড়ক জনসাধারণের ব্যবহারের জন্য সম্পূর্ণভাবে উন্মুক্ত করা হয়।
এ সময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা সহযোগিতা করেন। এছাড়া পেশোয়ার দালিম হোটেলের সামনে নালার ওপর অবৈধভাবে স্থাপন করা লোহার অ্যাঙ্গেল খুলে জব্দ করা হয়।
মো. সোয়েব উদ্দিন খান জানান, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের নির্দেশনা অনুযায়ী নগরের ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, অবৈধ দখলের কারণে জনদুর্ভোগ ও যানজট বৃদ্ধি পাচ্ছে, তাই এসব সমস্যা দূর করতে প্রশাসনের কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, নগরের কোনো ফুটপাত বা সড়ক ব্যক্তিগতভাবে দখল করে রাখা যাবে না। জনগণের চলাচলের জন্য নির্ধারিত স্থান জনগণের কাছেই ফিরিয়ে দিতে হবে। উচ্ছেদের পর কেউ পুনরায় দখলের চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নগরকে পরিচ্ছন্ন, নিরাপদ ও চলাচল উপযোগী রাখতে প্রশাসনের পাশাপাশি সাধারণ নাগরিকদেরও সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। কোথাও অবৈধ দখলের ঘটনা দেখা গেলে দ্রুত সিটি করপোরেশনকে জানাতে এবং প্রতিবাদ গড়ে তুলতে নগরবাসীর প্রতি অনুরোধ জানান এই ম্যাজিস্ট্রেট।
ভোরের আকাশ/ইউএম