পূজার দায়িত্ব পালনকালে টিডিপি সদস্যের মৃত্যু

কুড়িগ্রামে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দায়িত্ব পালনের জন্য অঙ্গীভূত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত টিডিপি সদস্য মোঃ লিমন শেখ (২২) অসুস্থতাজনিত কারণে মারা গেছেন।
তার মৃত্যুর পর শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। পরিবারের তাৎক্ষণিক প্রয়োজন বিবেচনায় দাফন ও কাফনের খরচ বাবদ ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। পাশাপাশি পরিবারের জন্য প্রাপ্য মৃত্যুজনিত অনুদান নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে বাহিনী।
মৃত লিমন শেখ কুড়িগ্রাম সদর উপজেলার পুরাতন স্টেশনপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম মোঃ আব্দুর রাজ্জাক।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৫ অক্টোবর রাত আনুমানিক ১১টার দিকে জন্ডিস ও ডায়াবেটিসজনিত অসুস্থতায় লিমন শেখের মৃত্যু হয়। অঙ্গীভূত আদেশের ক্রম অনুযায়ী তার অবস্থান ছিল চতুর্থ। এ কারণে মৃত্যুর দিন নববারোয়ারী পূজামণ্ডপে তার দায়িত্ব নির্ধারিত ছিল না। ওই দিন তালিকার প্রথম ও দ্বিতীয় ক্রমে থাকা সদস্যরা সেখানে দায়িত্ব পালন করছিলেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় কুড়িগ্রাম জেলা কমান্ড্যান্ট মৃত সদস্যের স্ত্রীর হাতে দাফন ও কাফনের খরচ বাবদ ৫০ হাজার টাকা তুলে দেন।
এ সময় তার স্ত্রী ও মা বাবাকে মৃত্যুজনিত অনুদান পাওয়ার প্রক্রিয়া সম্পর্কে জানানো হয়। প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ ও দাপ্তরিক কার্যক্রম শেষ করে পরবর্তী অনুদানের বিষয়টি নিষ্পত্তির জন্য সদর দপ্তরে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সদস্য ও তাদের পরিবারের কল্যাণে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। এ কঠিন সময়ে আর্থিক সহায়তা পাওয়ায় মৃত সদস্যের পরিবার বাহিনীর মহাপরিচালক ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।