দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

উত্তর জনপদের হিমালয়ঘেষা দিনাজপুরে শীত মৌসুমে দেশের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে জেলা আবহাওয়া অদিপ্তরের কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আজ দেশের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। সকালে বাতাসের গতিবেগ ৯৭ শতাংশ ছিল। গত কয়েক দিন থেকে মৃদু শৈত্য প্রবাহ ছিল। সারাদিন ঘন কুয়াশার চাদরে ঢাকা উত্তরের হিমালয় ঘেষা এই জনপদ। ঘন কুয়াশা আর হাড় কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে প্রভাব পড়েছে শ্রমিক, দিনমজুর নিম্ন আয়ের সাধারণ মানুষের জীবন ধারণের ওপর।
আবহাওয়া অধিদপ্তরের সূত্রটি জানায়, উত্তরের জনপদ দিনাজপুর আগামী কয়েক দিন তাপমাত্রা আরো কমে আসতে পারে বলে আভাস দিয়েছেন।
এদিকে জেলায় শীতের প্রকোপ বেড়েই চলেছে। কমছে দিন ও রাতের তাপমাত্রা। শীতে বিপর্যস্ত হয়ে পড়ছে এ অঞ্চলের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। সরকারি ও বেসরকারি পর্যায়ে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র ও কম্বল বিতরণ চলমান রয়েছে। জেলায় শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় শীতবস্ত্র বিতরণ চলমান রয়েছে। গত কয়েকদিনে জেলা-উপজেলা প্রশাসন, পুলিশ সুপার, বিজিবি সেক্টর, বিজিবি ব্যাটালিয়ন, চেম্বার অব কমার্স, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব, সুজন, আঞ্জুমানে মফিদুল ইসলাম এবং বেসরকারি ব্যাংক গুলোর পক্ষ থেকে জেলা শহর এবং উপজেলা গুলোতে শীতার্ত জনগোষ্ঠীর মাঝে কম্বল সুয়েটার, জ্যাকেট ও শিশু পোশাক বিতারণ করা হয়েছে।
জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম ও পুলিশ সুপার জেদান আল মুসা বিত্তবানসহ সংশ্লিষ্ট সকলকেই শীত বস্ত্র বিতরণে মানবিক সেবায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
ভোরের আকাশ/এসএইচ