কুড়িগ্রামে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযানে ১১১ কেজি পলিথিন জব্দ

কুড়িগ্রাম সদর উপজেলার দাদা মোড় সংলগ্ন বড় বাজারে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১১১ কেজি পলিথিন জব্দ করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এ সময় একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের যৌথ উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৬(ক) ধারা লঙ্ঘনের অপরাধে বড় বাজারের মেসার্স মিহির ট্রেডার্স-এ অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানটি থেকে আনুমানিক ১১১ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। একই সঙ্গে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা ধার্য করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
মোবাইল কোর্টে নেতৃত্ব দেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের সহকারী পরিচালক রেজাউল করিম।
অভিযান চলাকালে ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদ, ক্রয়-বিক্রয় ও ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্টরা জানান।
ভোরের আকাশ/এনউব