রূপগঞ্জে শিক্ষিকাকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন, হামলাকারীর গ্রেপ্তার দাবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কালনী হিরনাল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা একরামুনন্নেছা বিউটিকে লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫অক্টোবর) কালনী হিরনাল উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা এ মানববন্ধন করেন।
মানববন্ধনপূর্বক বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় বক্তব্য রাখেন শিক্ষার্থী নয়ন সরকার, আবির হোসেন, তানজিল হোসেন, জুয়েল রানা, আমিনুল ইসলাম, শাকিল খান ও শিক্ষিকা একরামুন্নেছা বিউটি প্রমুখ।
সভায় বক্তারা বলেন, কালনী হিরনাল উচ্চ বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে দাউদপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল মোল্লা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা একরামুন্নেছা বিউটিকে প্রধান শিক্ষকের কক্ষে শারিরীকভাবে লাঞ্ছিত ও মারপিট করে।
এঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আফজাল মোল্লাকে দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট হেলাল উদ্দিন সরকার ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শোকজ করেন।
অভিযুক্ত আফজাল মোল্লাকে শুধু শোকজ করলেই চলবে না। তাকে অবিলম্বে দল থেকে বহিঃস্কার ও গ্রেফতার করতে হবে। অন্যথায় ঢাকা বাইপাস সড়কের রূপগঞ্জের কালনীতে অবরোধ সহ ছাত্র আন্দোলন গড়ে তোলা হবে।
উল্লেখ্য বুধবার (১৪ অক্টোবর) কালনী হিরনাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে দাউদপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল মোল্লা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা একরামুন্নেছা বিউটিকে শারিরীকভাবে লাঞ্ছিত ও মারপিট করে।
ভোরের আকাশ/সু.পা