পূর্বধলায় যুবদল নেতাকে কুপিয়ে জখম, অগ্নিসংযোগ ও লুটপাট

নেত্রকোনার পূর্বধলায় যুবদল নেতা আবু বকর রানাকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনাকে কেন্দ্র করে রাতভর সহিংসতা, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ উঠেছে। হামলার পর উপজেলার বিভিন্ন এলাকায় আগুন দেওয়ার ঘটনা ঘটে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, শনিবার (২৮ নভেম্বর) রাত আটটার দিকে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু নেতাকর্মী মিছিলের উদ্দেশ্যে জড়ো হওয়ার চেষ্টা করছিলেন। পুলিশের টহল দেখে পুটিকা বাজার এলাকা দিয়ে পালানোর সময় তাঁরা যুবদল নেতা রানাকে একা পেয়ে কুপিয়ে জখম করেন।
ওসি আরও বলেন, এ ঘটনার জেরে উত্তেজিত জনতা রফিক নামের ওই যুবলীগ নেতার বাড়িতে আগুন দেয় বলে পুলিশ নিশ্চিত হয়েছে।
পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদার বলেন, তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। ঘটনার বিষয়ে অবগত হলেও অগ্নিসংযোগের সঙ্গে কারা জড়িত, তা তিনি জানেন না। দলের নেতাকর্মীদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। একাধিক হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় পূর্বধলায় উত্তেজনা বিরাজ করছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
ভোরের আকাশ/সু.পা