ফুলবাড়ী সীমান্তে নেশাজাতীয় ট্যাবলেট ও ইনজেকশন জব্দ

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ১ লাখ ৩২ হাজার ১৫০ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ইনজেকশন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৭ অক্টোবর ২০২৬) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীন অচিন্তপুর ও আমড়া বিওপির সদস্যরা মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বাংলাদেশের অভ্যন্তর থেকে এসব মাদকদ্রব্য জব্দ করেন।
বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে মালিকবিহীন ১ হাজার ৫০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ৮১ পিস ইনজেকশন উদ্ধার করা হয়। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৩২ হাজার ১৫০ টাকা।
এ বিষয়ে ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি জানান, বিজিবির নিয়মিত টহল জোরদারের ফলে সীমান্ত এলাকায় চোরাচালান কমে এসেছে। চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত সুরক্ষায় বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
ভোরের আকাশ/সু.পা