সাতকানিয়া থানার এসআইসহ তিনজন প্রত্যাহার

লোহাগাড়ায় একটি মিনিট্রাক থামিয়ে ৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগ উঠেছে পুলিশের তিন সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় সাতকানিয়া থানার এক উপপরিদর্শকসহ (এসআই) তিনজনকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন সাতকানিয়া থানার এসআই এস এম মাহবুবুল ইসলাম, কনস্টেবল ফয়েজ আহমেদ ও গাজী মো. মহসিন।
পুলিশ জানিয়েছে, ইয়াবা লুটের ঘটনায় প্রাথমিক সত্যতা পাওয়ার পর তিন পুলিশ সদস্যকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। পুরো ঘটনা তদন্ত করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘প্রশাসনিক কারণে ওই তিন পুলিশ সদস্যকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।’
অভিযোগ অনুযায়ী, গত শনিবার রাতে কক্সবাজারের চকরিয়া থেকে একটি মিনিট্রাকে করে ৩০ হাজার ইয়াবা চট্টগ্রামের দিকে নেওয়া হচ্ছিল। লোহাগাড়ার পুটিবিলা ইউনিয়নের একটি নির্জন সড়কে মোটরসাইকেল দিয়ে ট্রাকটির গতি রোধ করেন পুলিশ সদস্যরা।
ট্রাকচালক নাছিরের অভিযোগ, তাকে হাতকড়া পরিয়ে জিম্মি করা হয়। পরে ট্রাকটি সাতকানিয়ার কেরানীহাট এলাকায় নিয়ে পুলিশের দুই কথিত সোর্স রবিন ও মোমিনের সহযোগিতায় চালকের আসন থেকে ৩০ হাজার ইয়াবা লুট করা হয়।
ঘটনার প্রমাণ মুছে ফেলতে ট্রাকের সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে মেমোরি কার্ড ফরম্যাট করে দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
ভোরের আকাশ/ এনউব