৬ সেপ্টেম্বর খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নির্বাচন

দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর অনুষ্ঠিত হতে যাচ্ছে খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন। আগামী ৬ সেপ্টেম্বরের নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে জমে উঠেছে প্রচার-প্রচারণা। খুলনা প্রেসক্লাব চত্বরজুড়ে প্রার্থীদের প্যানা-ফেস্টুন ও প্রচারণায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। নগরীর বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানেও চলছে প্রার্থীদের আনাগোনা।
নির্বাচনকে ঘিরে সাংবাদিকদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। প্রার্থীরা ভোটারদের সঙ্গে কুশল বিনিময়, সমর্থন ও দোয়া প্রার্থনার পাশাপাশি নিজেদের কর্মপরিকল্পনা তুলে ধরছেন।
গত ২৫ জুলাই খুলনা প্রেসক্লাবে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। একই সঙ্গে নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান করা হয়েছে দৈনিক জন্মভূমির নির্বাহী সম্পাদক সরদার আবু তাহেরকে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন দৈনিক খুলনা প্রতিদিনের সম্পাদক সোহাগ দেওয়ান ও দৈনিক খুলনা গেজেটের সহ-সম্পাদক মো. আনিস উদ্দিন।
নির্বাচনে ১১টি পদের বিপরীতে ২৪টি মনোনয়নপত্র বিক্রি হলেও জমা পড়ে ১৬টি। যাচাই-বাছাই শেষে সভাপতি পদে আবু তৈয়ব মুন্সী ও সহ-সভাপতি পদে মাসুদুর রহমান রানা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এ ছাড়া পাঁচটি কার্যনির্বাহী সদস্য পদে পাঁচজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন—হাসান আহমেদ মোল্ল্যা, কনক রহমান, দ্বীন মোহাম্মদ রেজা সোহাগ, এস এম মাহবুব ও রামিম চৌধুরী।
ফলে আগামী ৬ সেপ্টেম্বর চারটি পদে সরাসরি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব পদে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ভোটার রয়েছেন ১৫৩ জন।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের খুলনা প্রতিনিধি এ এইচ এম শামিমুজ্জামান ও দৈনিক আমাদের সময়ের খুলনা ব্যুরো প্রধান সৈয়দ হুমায়ুন কবির রানা।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দৈনিক দিনকালের স্টাফ রিপোর্টার ফকির শহিদুল ইসলাম ও দৈনিক খুলনা টাইমসের স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম।
কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দৈনিক আলোকিত বাংলাদেশের খুলনা ব্যুরো প্রধান মো. রাজু আহমেদ ও দি নিউ নেশনের খুলনা প্রতিনিধি খাঁন আহসানুল আমিন।
সাংগঠনিক সম্পাদক পদে লড়ছেন দৈনিক সময়ের খবরের স্টাফ রিপোর্টার মো. খায়রুল আলম ও এশিয়ান টাইমসের প্রতিনিধি মো. আলামিন শিকদার।
নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে প্রার্থীদের প্রচারণা। প্রেসক্লাব চত্বর থেকে বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠান—সবখানেই চলছে ভোটারদের সঙ্গে মতবিনিময় ও সমর্থন আদায়ের চেষ্টা। দীর্ঘ সময় পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সাংবাদিকদের মধ্যেও তৈরি হয়েছে বাড়তি আগ্রহ ও উৎসাহ।
ভোরের আকাশ/সু.পা