৪১ লাখ টাকার জাল জব্দ
কিশোরগঞ্জে অবৈধ চায়না জাল কারখানায় অভিযান

নীলফামারীর কিশোরগঞ্জে একটি অবৈধ চায়না জাল কারখানায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এসময়ে আনুমানিক ৪১ লাখ টাকার চায়না জাল ও চারটি বিদুৎ চালিত সেলাই মেশিন জব্দ করা হয়।
বুধবার (২৪ জুন) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের মধ্য রাজীব সয়ার কাজীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো আরিফুর রহমান। এতে সহায়তা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল সালাম, থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান ও থানা পুলিশের সদস্যরা।
জানা যায়, ওই এলাকার কালু মামুদের ছেলে খলিল ও জলিল নিজ বাড়িতে একটি অবৈধ চায়না জাল তৈরির কারখানা গড়ে তুলেন। দীর্ঘদিন ধরে সেখানে অবৈধ চায়না জাল তৈরি করে বিভিন্ন জায়গায় বিক্রি করতেন।
আজকে গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে অভিযান পরিচালনা করেন। এসময়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে কারখানার মালিক পালিয়ে যায়। পরে সেখান থেকে আনুমানিক ৪১ লাখ টাকার চায়না জাল ও চারটি বিদুৎ চালিত সেলাই মেশিন জব্দ করা হয়।
অপরদিকে কারখানার পাশে দুলু মিয়া নামে আরেকজনের বাড়িতে অভিযান চালিয়ে চায়না জাল জব্দ করা হয় এবং তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোরের আকাশ/ র.ই