শিশু রামিসা হত্যার বিচারের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন ও প্রদীপ প্রজ্জ্বলন

কুষ্টিয়াতে শিশু রামিসাসহ দেশজুড়ে সংঘটিত শিশু ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) বিকেল সাড়ে ৫টায় শহরের পাঁচরাস্তা মোড়ে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে এ কর্মসূচির আয়োজন করে সম্মিলিত সামাজিক আন্দোলন।
মানববন্ধনে বক্তারা বলেন, শিশু রামিসার মৃত্যু কোনো স্বাভাবিক ঘটনা নয়, এটি একটি কাঠামোগত হত্যা। তারা অবিলম্বে রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
বক্তারা আরও বলেন, দেশে রামিসার মতো নিষ্পাপ শিশুরা আজ নিরাপদ নয়। ধর্ষণ ও হত্যার মতো জঘন্য অপরাধ দমনে দ্রুত বিচার, কঠোর আইনের প্রয়োগ এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।
সম্মিলিত সামাজিক আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম-এর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য কাশেদ আলম, মানবাধিকারকর্মী হাসান আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন। কর্মসূচি শেষে নিহত শিশুদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।
ভোরের আকাশ/এসএইচ